উদয়পুর মহকুমা হাসপাতালের নতুন ভবনের উদ্ভোধন

 উদয়পুর মহকুমা হাসপাতালের নতুন ভবনের উদ্ভোধন

 

স্বাস্থ্য পরিকাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা!
---------------------
ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালে আধুনিক ভবন নির্মাণস্থল পরিদর্শনে অর্থমন্ত্রী সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

সোমেন সেন, উদয়পুর প্রতিনিধি :
উদয়পুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের জন্য অত্যাধুনিক নতুন ভবন নির্মাণে আনুষ্ঠানিকভাবে গতি আনতে শুক্রবার নির্মাণস্থল পরিদর্শনে এলেন রাজ্যের  অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় (আরকেপুর বিধায়ক) সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।  এই প্রকল্পের জন্য মোট ৭৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে প্রথম পর্যায়ে ৪৩ লক্ষ টাকার টেন্ডার প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। পরিদর্শনকালে অর্থমন্ত্রী নিজে হাসপাতাল ভবনের নকশা ও পরিকল্পনা খুঁটিয়ে দেখে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনের নির্দেশ দেন। রোগী ও স্বাস্থ্যকর্মীদের কথা মাথায় রেখে আরও আধুনিক, নিরাপদ ও সর্বসুবিধাযুক্ত পরিকাঠামো গড়ে তোলার ওপর জোর দেন তিনি। এমনকি নির্মাণস্থল থেকেই পূর্ত দপ্তরের সচিবের সঙ্গে ফোনে কথা বলে প্রকল্পে অতিরিক্ত অর্থ বরাদ্দের সম্ভাবনা ও চারদিক ঘেরা দেওয়াল সহ আরও প্রয়োজনীয় সুবিধা যুক্ত করার বিষয়েও আলোচনা করেন।
গ্রাউন্ড ফ্লোর প্লাস ফোর স্টোরিড এই নতুন হাসপাতাল ভবন নির্মিত হলে উদয়পুর ও আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবার বড় সুবিধা পাবেন এমনটাই আশা স্থানীয়দের। তবে পুরনো ভবন ভেঙে ধাপে ধাপে নতুন ভবন নির্মাণের কারণে আপাতত ওটি পরিষেবা চালু করা সম্ভব নয় বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী।
উদয়পুরের স্বাস্থ্য পরিকাঠামোয় এই নতুন উদ্যোগ যে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা  হতে চলেছে তা নিয়ে এখন আশাবাদী গোটা উদয়পুরবাসী ।

সম্পরকিত খবর