- Editor
- 20:11 28/Jun/2026
- 2 মিনিট সময় লাগবে পড়তে
পুলিশের নীরবতা নিয়ে প্রশ্ন?
মদ্যপানের আসরে রক্তক্ষয়ী বিবাদ! উদয়পুরে শ্যালকের মারে জামাতার মৃত্যু!
উদয়পুর,প্রতিনিধি:
উদয়পুর মহকুমার মহারানী কৃষ্ণভক্ত পাড়া এলাকায় মদ্যপানের আসরে বচসাকে কেন্দ্র করে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ, শ্যালক জয় হরি জমাতিয়া (৩৮)-এর কাঠের ফালির আঘাতে গুরুতর জখম হন তাঁর ভগ্নিপতি (জামাতা) জর্ম দয়াল জমাতিয়া (৪৬)। পরে চিকিৎসাধীন অবস্থায় আগরতলার জিবি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দু’জন একসঙ্গে মদ্যপান করছিলেন। সেই সময় ব্যক্তিগত বিষয় নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে জয় হরি কাঠের ফালি দিয়ে জর্ম দয়ালের মাথায় আঘাত করেন। প্রথমে তাঁকে মহারানী হাসপাতাল, পরে গোমতী জেলা হাসপাতাল এবং সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। অভিযুক্তকে গ্রেফতার করার পর আদালতে সোপর্দ করা হলে উদয়পুরের গোমতী জেলা দায়রা আদালত তাঁকে তিন দিনের পুলিশি রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এদিকে, ঘটনাটি নিয়ে গোমতী জেলা পুলিশের নীরবতা ঘিরে প্রশ্ন উঠেছে। অভিযোগ, অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই হত্যাকাণ্ডে পুলিশের এমন নীরবতা নিয়ে এলাকায় নানা জল্পনা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।
