প্রীতম ভট্টাচার্যের বাড়িতে গেলেন অর্থমন্ত্রী।

প্রীতম ভট্টাচার্যের বাড়িতে গেলেন অর্থমন্ত্রী।

ত্রিপুরা পাবলিক অপিনিয়ন রিপোর্ট , উদয়পুর প্রতিনিধি:
এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালে প্রাণ হারানো শিক্ষক, কবি, লেখক ও প্রকাশক প্রীতম ভট্টাচার্যের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের অর্থমন্ত্রী তথা রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রণজিৎ সিংহ রায়।
গত ২৬ আগস্ট, বুধবার উদয়পুরের বিবেক সংঘ সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন সরকারি বিদ্যালয়ের শিক্ষক প্রীতম ভট্টাচার্য। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আগরতলার বেসরকারি আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে উদয়পুরের শিক্ষক মহল থেকে শুরু করে সাহিত্য ও সংস্কৃতি জগত এবং সাধারণ মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
শুক্রবার ত্রিপুরা বিধানসভার অধিবেশন থাকায় শনিবার উদয়পুরের জগন্নাথ চৌমুহনী সংলগ্ন এলাকায় প্রীতম ভট্টাচার্যের বাড়িতে যান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সমবেদনা জানান তিনি। এই কঠিন সময়ে পরিবারটির পাশে থাকার আশ্বাসও দেন মন্ত্রী। শুধু পরিবারের সঙ্গে দেখা করেই থেমে থাকেননি তিনি। বাড়িতে বসেই গোমতী জেলা পুলিশের পুলিশ সুপার অনির্বাণ দাসের সঙ্গে ফোনে কথা বলেন প্রণজিৎ সিংহ রায়। দুর্ঘটনার বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে ঘটনার সঙ্গে জড়িত বাইক মালিক ও চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারের কাছে আবেদন জানান তিনি।
পরিবারের সঙ্গে সাক্ষাতের পর প্রণজিৎ সিংহ রায় বলেন, মৃত্যু জীবনের চিরন্তন সত্য হলেও কিছু মৃত্যু মানুষের মনে গভীর শূন্যতা তৈরি করে। প্রীতম ভট্টাচার্যের অকাল প্রয়াণ তেমনই এক বেদনাদায়ক ঘটনা। তিনি বলেন, শিক্ষকতার পাশাপাশি কবিতা, সাহিত্যচর্চা ও প্রকাশনার ক্ষেত্রেও প্রীতম ভট্টাচার্য নিজের গুরুত্বপূর্ণ পরিচয় তৈরি করেছিলেন। তাঁর চলে যাওয়া শুধু একটি পরিবারের ক্ষতি নয়, উদয়পুরের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক পরিমণ্ডলের জন্যও বড় ক্ষতি। মন্ত্রী আরও জানান, একজন গুণী শিক্ষক, সৃজনশীল সাহিত্যিক এবং প্রকাশক হিসেবে প্রীতম ভট্টাচার্যের কাজ ও অবদান দীর্ঘদিন মানুষের মনে থেকে যাবে। শোকের এই কঠিন সময়ে সরকার এবং ব্যক্তিগতভাবে তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি প্রয়াতের পরিবারের এই দুঃসময়ে এলাকাবাসী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

সম্পরকিত খবর