- Editor
- 10:22 01/Sep/2026
- 2 মিনিট সময় লাগবে পড়তে
উদয়পুর প্রতিনিধি:
শিক্ষার্থীদের ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের প্রতি তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে সরাসরি আলাপচারিতায় উদয়পুরে অনুষ্ঠিত হলো ‘যুব সংবাদ ২০২৬’ কর্মসূচি। জামজুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে পৃথকভাবে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। জামজুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার পাল, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ অন্যান্য বিশিষ্টজনেরা। অন্যদিকে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. সুধন দেবনাথ, শিক্ষক কাউন্সিলের সচিব ড. পার্থ সারথি দেবরায়, সমাজসেবী সবিতা নাগ, সমাজসেবক সানি সাহা-সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। দুই শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানেই মূল কেন্দ্রবিন্দু ছিল ছাত্রছাত্রীদের সঙ্গে সাংসদের সরাসরি প্রশ্নোত্তর ও মতবিনিময়। শিক্ষা, উচ্চশিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরতা, প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। তাদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নিজেদের লক্ষ্য স্থির করে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, নৈতিক মূল্যবোধ, আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা, নতুন দক্ষতা অর্জন এবং ইতিবাচক চিন্তাভাবনাও সমান গুরুত্বপূর্ণ। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য করে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। আলোচনায় দেশের ভবিষ্যৎ নির্মাণে যুব সমাজের ভূমিকার কথাও বিশেষভাবে তুলে ধরেন সাংসদ। তাঁর বক্তব্যে উঠে আসে আত্মবিশ্বাসী, দক্ষ ও দায়িত্বশীল তরুণ প্রজন্ম গড়ে তোলার প্রয়োজনীয়তা। একইসঙ্গে ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে দেশের ইতিহাস, স্বাধীনতা আন্দোলন এবং দেশাত্মবোধের বিষয়েও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন তিনি। এ ধরনের সরাসরি মতবিনিময় শিক্ষার্থীদের নিজেদের প্রশ্ন ও ভাবনা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ করে দেয় বলেও উল্লেখ করেন বিপ্লব কুমার দেব। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে জ্ঞান, দক্ষতা ও পরিশ্রমকে হাতিয়ার করার বার্তা দেন তিনি। অনুষ্ঠান শেষে জামজুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন পরিদর্শন করেন সাংসদ। বিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষার পরিবেশ এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি। দুই শিক্ষা প্রতিষ্ঠানে ‘যুব সংবাদ ২০২৬’-এর এই উদ্যোগকে ঘিরে শিক্ষার্থী ও শিক্ষক মহলে উৎসাহের পরিবেশ তৈরি হয়।
