কাগজপত্র নেই, প্রশাসনের অভিযানে বন্ধ আশীর্বাদ মাইক্রো ফাইনান্স!

কাগজপত্র নেই, প্রশাসনের অভিযানে বন্ধ আশীর্বাদ মাইক্রো ফাইনান্স!

বিশালগড় প্রতিনিধি:
নিয়ম-নীতি না মেনে পরিচালিত হচ্ছে মাইক্রো ফাইনান্স সংস্থা—এমন অভিযোগকে কেন্দ্র করে বিশালগড়ে মহকুমা প্রশাসনের অভিযান। মঙ্গলবার দুপুরে বিশালগড়ের আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ‘আশীর্বাদ মাইক্রো ফাইনান্স লিমিটেড’-এর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল মহকুমা প্রশাসন।জানা গেছে, বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় একাধিক মাইক্রো ফাইনান্স সংস্থা নিয়ম মেনে পরিচালিত হচ্ছে কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল। অভিযোগ, নিম্নআয়ের পরিবারগুলিকে চিহ্নিত করে ঋণ দেওয়ার পর চড়া সুদ ও কিস্তির চাপে অনেক গ্রাহক সমস্যায় পড়ছেন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে বহু পরিবার আর্থিক সংকটের মুখে পড়ছে বলেও অভিযোগ রয়েছে।এই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার আমবাগানে আশীর্বাদ মাইক্রো ফাইনান্সের কার্যালয়ে অভিযান চালায় বিশালগড় মহকুমা প্রশাসন। ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে প্রশাসনের একাধিক আধিকারিক সেখানে পৌঁছে সংস্থার প্রয়োজনীয় নথিপত্র ও অনুমোদনের কাগজ দেখতে চান।প্রশাসনের দাবি, অভিযানের সময় সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র দেখানো সম্ভব হয়নি। পরিস্থিতি বুঝে কার্যালয়ের একাধিক কর্মী সেখান থেকে সরে যান বলেও জানা গেছে।এরপরই নিয়ম মেনে পরিচালনার প্রয়োজনীয় নথি না থাকায় সংস্থাটির কার্যালয় বন্ধ করে দেয় মহকুমা প্রশাসন। শেষ পর্যন্ত অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়।তবে প্রশ্ন উঠছে—প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র ছাড়াই কীভাবে এতদিন ধরে এই ধরনের আর্থিক সংস্থা সাধারণ মানুষের মধ্যে ঋণ কার্যক্রম চালিয়ে গেল?বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় আরও এমন সংস্থা রয়েছে কি না, সেগুলির বৈধতা কতটা, এবং গ্রাহকদের কাছ থেকে ঋণ আদায়ের ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে কি না—এখন সেই প্রশ্নও সামনে এসেছে।প্রশাসনের এই অভিযানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে একদিকে স্বস্তি, অন্যদিকে বেআইনি আর্থিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর নজরদারির দাবি জোরালো হচ্ছে।

 

সম্পরকিত খবর